
ঢাকা জেলার দোহার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ০২ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকার সময় দোহার এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭৮,৯০০ টাকা মূল্যের ২৬৩ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলহাজ মোল্লা (৫৪), পিতা—মৃত আতর আলী মোল্লা, সাং—ল²ীপ্রসাদ, থানা—দোহার, জেলা—ঢাকা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে দোহার ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, “মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”
র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাব-১০ এর এ ধরনের অভিযান চলমান থাকবে।